বিদ্রোহের রাত



কবিতা- বিদ্রোহের রাত

লেখক- এ.এম.সিফাত(কিয়োর)


আজো সেই কাকপক্ষীর অন্ধকারে

শহরের গলির ভেতর

শুয়ে আছে ছিন্ন মেঘের মতো

আমার সমস্ত ব্যথা—

কেউ জানে না।


আমি যে হাঁটছি,

আমার জুতোর নিচে রক্ত শুকিয়ে যায়,

বুকের ভেতর জমে থাকা বিক্ষোভ

চিৎকার হতে চায়—

কিন্তু শহর ঘুমিয়ে আছে

হাজার মৃত আত্মার ভিড়ে।


আমি বিদ্রোহ করেছি

একা, নিজেরই বিরুদ্ধে;

যে আকাশে শেকল পরানো চাঁদ

যে রোদে কেবল মৃত মানুষের গন্ধ,

যে নদী কাঁদতে কাঁদতে মরে গেছে

সেই নদীর তলদেশ থেকে

উঠে আসা আমারই কণ্ঠস্বর—

আমাকে ডাকে,

“জাগো,

যত শেকল ভাঙবার আছে, ভেঙে দাও।”


তবু আমি জানি—

এই পৃথিবী এত সহজ নয়।

মাঠের ধান কেটে নিয়েছে লোভ,

নদীর বুক চুরি করেছে আগুনের শহর।

শিশুরা শ্বাস নেয় ধোঁয়ার গন্ধে,

মায়ের চোখে মুছে গেছে স্বপ্নের রেখা।


তবু কোথাও এক অদৃশ্য অরণ্য আছে—

যেখানে রাতের পাখিরা

বিদ্রোহের গান গায়

মৃত মানুষের কানে কানে;

যেখানে ভোর

একদিন সত্যিই নতুন হবে।


আমিও সেই অরণ্যে যাব

একদিন—

আমার রক্ত, আমার ক্ষত, আমার ব্যথা

সব দিয়ে লিখব

অন্য এক পৃথিবীর নাম।

Post a Comment

0 Comments